পার্টি অফিস দখল ঘিরে মুকুন্দপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ! মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের

পার্টি অফিস দখল ঘিরে মুকুন্দপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ! মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল কলকাতার মুকুন্দপুর এলাকায়। মঙ্গলবার তৃণমূলের মিছিলকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে দুই পক্ষকে সরিয়ে দেয়।

তৃণমূলের অভিযোগ, তাদের পার্টি অফিস দখলমুক্ত করার দাবি এবং প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে মিছিলটি বের করা হয়েছিল। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। তৃণমূলের আরও দাবি, তাঁদের মিছিলের উপর বিজেপি কর্মীরা হামলা চালান। মহিলা কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও উঠেছে।

ঘটনায় তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী-সহ দলের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। উপাসনার অভিযোগ, তাঁকে এবং অন্যান্য মহিলা কর্মীদের ধাক্কা দিয়ে ফেলে মারধর করা হয়। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, মিছিলের ভিডিও করছিলেন তাঁদের এক কর্মী এবং তাঁকেই তৃণমূল কর্মীরা ধরে মারধর করেন। ফলে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরে লাঠিচার্জ করা হয়। সংঘর্ষের জেরে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা ছিল। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর সামনে এসেছে এবং রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top