পিছিয়ে যেতে পারে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা! ১৫ ফেব্রুয়ারির বদলে ২ মার্চ থেকে শুরু করার প্রস্তাব পর্ষদের

পিছিয়ে যেতে পারে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা! ১৫ ফেব্রুয়ারির বদলে ২ মার্চ থেকে শুরু করার প্রস্তাব পর্ষদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে সেই তারিখ পিছিয়ে ২ মার্চ করার প্রস্তাব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই এই বিষয়ে স্কুলশিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছেন পর্ষদ সভাপতি লালু দাস। তবে পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাবের নেপথ্যে রয়েছে জনগণনা প্রক্রিয়া।

জানা গিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশজুড়ে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা। এই পর্যায়ে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করা হবে, যা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। এই কাজে বিপুল সংখ্যক স্কুলশিক্ষককে যুক্ত করা হতে পারে। ফলে জনগণনার দায়িত্ব সামলে মাধ্যমিক পরীক্ষার মতো বড় পরীক্ষায় পরীক্ষক হিসেবে তাঁদের উপস্থিত থাকা নিয়ে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। গত ২ নভেম্বর স্কুলশিক্ষা দপ্তরের কমিশনারকে চিঠি দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি লালু দাস। চিঠির সঙ্গে নতুন পরীক্ষার সূচিও প্রস্তাব আকারে জমা দেওয়া হয়েছে।

নতুন সূচি তৈরির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং অন্যান্য প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার দিনক্ষণও বিবেচনায় রাখা হয়েছে, যাতে পরীক্ষাগুলির মধ্যে কোনও সংঘাত না হয়। তবে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুলশিক্ষা দপ্তর। ফলে আপাতত ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top