রাজ্য – শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় বদলির উদ্যোগের পর এবার রাজ্য পুলিশের কর্মীদের জন্যও বড় সিদ্ধান্ত নিতে চলেছে নতুন সরকার। দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে পুলিশকর্মীদের অনলাইনে বদলির আবেদন করার পোর্টাল খুলতে চলেছে। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে।
সূত্রের খবর, আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে এই অনলাইন ট্রান্সফার পোর্টাল। এই সময়ের মধ্যে রাজ্য পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল-সহ বিভিন্ন পদে কর্মরত পুলিশকর্মীরা নিজেদের পছন্দমতো বাড়ির কাছাকাছি জেলা বা শহরে বদলির আবেদন জানাতে পারবেন। আবেদনগুলি বিভিন্ন প্রশাসনিক দিক বিবেচনা করে পর্যায়ক্রমে কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই পুলিশকর্মীদের একাংশের দাবি ছিল, তাঁদের বাড়ির কাছাকাছি পোস্টিং দেওয়া হোক। কারণ বহু পুলিশকর্মীকেই কর্মস্থলের কারণে অন্য জেলায় বাড়ি ভাড়া করে থাকতে হয় অথবা সরকারি কোয়ার্টারে দীর্ঘদিন থাকতে হয়। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে অনেকেই নিজের বাড়িতে ফিরে গিয়ে সেখান থেকেই কর্মস্থলে যাতায়াত করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
শুধু পুলিশ নয়, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে প্রশাসনের বহু কর্মীই দীর্ঘদিন ধরে নিজের জেলা বা শহরের কাছাকাছি বদলির দাবি জানিয়ে আসছিলেন। নতুন সরকার সেই দাবিগুলিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেই প্রশাসনিক মহলের ধারণা।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই ট্রান্সফার পোর্টাল নিয়ে পুলিশের নীচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছিল। নতুন সরকার সেই বিষয়টি গুরুত্ব দিয়েই দ্রুত পোর্টাল চালুর নির্দেশ দেয়। এরপর রাজ্য পুলিশের ডিজি Siddhinath Gupta-র নির্দেশে ডিআইজি (প্রশাসন) Arindam Dattachowdhury এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, অনলাইনে বদলির আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটের রিজার্ভ অফিসার পুলিশকর্মীদের প্রয়োজনীয় সহায়তা করবেন। ফলে প্রযুক্তিগত সমস্যার কারণেও যাতে কেউ আবেদন করতে অসুবিধায় না পড়েন, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের বহু এসআই এবং মহিলা এসআইকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছিল। ভোট প্রক্রিয়া শেষ হলেও তাঁদের অনেকেই এখনও আগের কর্মস্থলে ফিরতে পারেননি। তা নিয়েই পুলিশ মহলে জোর আলোচনা শুরু হয়েছিল।
সম্প্রতি ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী Suvendu Adhikari বিশেষ করে মহিলা পুলিশকর্মীদের বাড়ির কাছাকাছি জেলায় বদলির সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দেন। তারপরই দ্রুত এই অনলাইন ট্রান্সফার পোর্টাল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।
পুলিশকর্মীদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে মানসিক চাপ কমবে এবং পরিবারকে বেশি সময় দেওয়া সম্ভব হবে। ফলে প্রশাসনিক কাজেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।



















