প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্টার প্রদর্শনের অভিযোগ, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্টার প্রদর্শনের অভিযোগ, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কলকাতার আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। একইসঙ্গে অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে বিজেপি।

অভিযোগের সূত্রপাত গত শুক্রবার আয়োজিত একটি ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে। ওই কর্মসূচিতে শ্রীলেখা মিত্র উপস্থিত ছিলেন। অভিযোগ, সেখানে তাঁর হাতে থাকা একটি পোস্টারে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছিল। সেই পোস্টারের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

এরপর আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করে কেয়া ঘোষ বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের অংশ হলেও দেশের প্রধানমন্ত্রীর মতো একটি সাংবিধানিক পদকে অবমাননা বা তার মর্যাদা ক্ষুণ্ন করার অধিকার কারও নেই। তাঁর দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেই এই অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সেদিকেই নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top