হাওড়া – বালি ব্রিজের অ্যাপ্রোচ রোডের নীচের অংশে একাধিক ফাটল ধরা পড়ায় সোমবার থেকে জরুরি মেরামতির কাজ শুরু করছে রাজ্যের পূর্ত দফতর। এই কাজের জন্য আগামী ৪৫ দিন বালি ব্রিজে যান চলাচলে আংশিক নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। ইতিমধ্যেই হাওড়া ট্রাফিক পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচল সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
পূর্ত দফতর এবং ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেরামতির কাজ চলাকালীন প্রায় ৩০টি স্থানীয় বাসরুটের চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৫৪ ও ৫৬ নম্বর রুটও রয়েছে। সোমবার থেকে এই রুটের কয়েকশো বাস আর বালি ব্রিজ ব্যবহার করবে না। পরিবর্তে বাসগুলিকে নিবেদিতা সেতু হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সাধারণ হালকা যানবাহন আপাতত আগের মতোই বালি ব্রিজ ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, নিরাপত্তার স্বার্থে এর আগেই বালি ব্রিজে লরি ও ভারী পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
নিত্যযাত্রীদের অসুবিধা কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বালি হল্ট স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে যাত্রীদের বাসে ওঠা-নামার জন্য অস্থায়ী ব্যবস্থা করা হচ্ছে, যাতে রুট পরিবর্তনের ফলে যাতায়াতে সমস্যা কম হয়।
এদিকে হাওড়া ট্রাফিক পুলিশ, পূর্ত দফতর এবং বাস মালিক সংগঠনগুলির মধ্যে একাধিক বৈঠক ও যৌথ পরিদর্শন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সহযোগিতা এবং যান চলাচল আরও নির্বিঘ্ন রাখতে একাধিক আবেদন জানানো হয়েছে।




















