আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ছেড়ে অসমে চলে যাওয়া বাঘিনির অবস্থান নিয়ে উদ্বেগ অব্যাহত। বারবার নিজের অবস্থান পরিবর্তন করছে বাঘিনিটি। বর্তমানে রাজেন্দ্রপুর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অসমের হাতিগড় এলাকায় তার অবস্থান বলে জানা গিয়েছে। বাঘিনির গতিবিধির উপর দিনরাত নজর রাখছেন দুই রাজ্যের বন দপ্তরের কর্মীরা। এরই মধ্যে তাকে ফিরিয়ে আনার উদ্যোগে অসম সফরের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও।
আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর অসম সফরের কর্মসূচি রয়েছে বনমন্ত্রীর। জানা গিয়েছে, ৩১ অক্টোবর রাইমোনা জাতীয় উদ্যান পরিদর্শন করবেন তিনি। সেখানে বাঘিনির বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি তাকে কীভাবে ফের বক্সার জঙ্গলে ফিরিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা হতে পারে।
প্রায় চার সপ্তাহ আগে বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে প্রায় তিন বছর বয়সি বাঘিনিটিকে বক্সায় আনা হয়েছিল। কিন্তু গত শনিবার জানা যায়, বক্সার জঙ্গল ছেড়ে প্রতিবেশী রাজ্য অসমের রাইমোনা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় পৌঁছে গিয়েছে সে।
বন দপ্তর সূত্রে খবর, বক্সার জঙ্গল থেকে বেরিয়ে সংকোশ নদী পেরিয়ে অসমে প্রবেশ করে বাঘিনিটি। এরপর রাইমোনা পশ্চিম রেঞ্জের জঙ্গল হয়ে কোকরাঝাড় জেলার সারাইবিল এলাকায় পৌঁছয়। বর্তমানে হাতিগড় এলাকায় তার অবস্থান বলে জানা গিয়েছে।
বাঘিনির গতিবিধি নিয়ে দুই রাজ্যের বন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে নজরদারি চালানো হচ্ছে। তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কীভাবে তাকে নিরাপদে বক্সার জঙ্গলে ফিরিয়ে আনা যায়, এখন সেই দিকেই নজর বনকর্তাদের। বনমন্ত্রীর অসম সফরেও এই বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।




















