নদিয়া
৫৬ বছরের ঐতিহ্যে এবার বদল আসছে নদিয়ার শান্তিপুরের বিখ্যাত বামা কালী নাচে। দীর্ঘদিন ধরে বড়বাজার মোড়ে অনুষ্ঠিত হয়ে আসা এই বিশেষ আকর্ষণ এবার দেখা যাবে বেজপাড়া মাঠে। মন্দির থেকে মাত্র কয়েকশো মিটার দূরে নতুন এই জায়গায় আয়োজন করা হবে নেতাজি সুভাষ সংঘ আয়োজিত শ্রী শ্রী চরজিজিরা বামা কালী মাতা পুজোর ঐতিহ্যবাহী নাচ।
কিন্তু হঠাৎ কেন এই স্থান পরিবর্তন? আয়োজকদের বক্তব্য, গত বছরের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালে বড়বাজার মোড়ে দর্শনার্থীদের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে পরিস্থিতি প্রায় বিপজ্জনক হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি সামাল দেয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন জায়গা বেছে নেওয়া হয়েছে।
চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর জনসমাগম নিয়ে মানুষের উদ্বেগ আরও বেড়েছে। তবে আয়োজকেরা স্পষ্ট জানিয়েছেন, শান্তিপুরের বামা কালী নাচের স্থান পরিবর্তনের সিদ্ধান্তের সঙ্গে চোরবাগানের ঘটনার কোনও যোগ নেই। দুর্গাপুজোর আগেই পুলিশ ও পুজো কমিটির বৈঠকে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চতুর্থীর দিন আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ক্লাব সম্পাদক নিশান সাহা জানিয়েছেন, খোলা মাঠে অনুষ্ঠান আয়োজন করলে ভিড় নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা এবং নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হবে।
দীর্ঘ ৫৬ বছরের পরিচিত জায়গা ছেড়ে এবার নতুন পরিবেশে শান্তিপুরের বামা কালী নাচ। স্থান বদলালেও ঐতিহ্য ও উৎসবের আকর্ষণ অটুট থাকবে বলে আশাবাদী আয়োজকেরা।




















