বারাসত স্টেডিয়ামেই কলকাতা লিগের ডার্বি, ৭ সেপ্টেম্বর মুখোমুখি দুই প্রধান! ফ্লাডলাইটে ম্যাচের প্রস্তুতি

বারাসত স্টেডিয়ামেই কলকাতা লিগের ডার্বি, ৭ সেপ্টেম্বর মুখোমুখি দুই প্রধান! ফ্লাডলাইটে ম্যাচের প্রস্তুতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর চব্বিশ পরগনা -;বারাসত স্টেডিয়ামে কলকাতা লিগের ডার্বি হবে, তা আগেই নিশ্চিত ছিল। তবে কবে সেই ম্যাচ হবে, তা নিয়ে এতদিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার বারাসতের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পর আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর কলকাতা লিগের গ্রুপ পর্বের ডার্বির দিন ঘোষণা করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অর্থাৎ সপ্তাহান্তে বা ছুটির দিনে নয়, কাজের দিনেই হতে চলেছে বহু প্রতীক্ষিত এই ডার্বি।

ডার্বিটি নৈশালোকে আয়োজন করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে বিকেল ৫টা নাগাদ ম্যাচ শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বারাসত স্টেডিয়ামের ফ্লাডলাইট পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনও প্রযুক্তিগত সমস্যা না থাকলে ফ্লাডলাইটের আলোতেই ডার্বি আয়োজন করা হবে। সেই কারণে ম্যাচের দিন চূড়ান্ত হলেও এখনও সময় আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি।

মঙ্গলবার দুপুরে স্থানীয় বিধায়ক শংকর চট্টোপাধ্যায়, জেলাশাসক এবং পুর দফতরের আধিকারিকদের নিয়ে ডার্বির দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর আইএফএ-র তরফে ৭ সেপ্টেম্বর দিনটি প্রস্তাব করা হয়। পুলিশ-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের কোনও আপত্তি না থাকায় শেষ পর্যন্ত সোমবারই ডার্বির দিন হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, আপাতত ৭ সেপ্টেম্বর ডার্বি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ফ্লাডলাইটে বিকেল ৫টায় ম্যাচ শুরু করার চেষ্টা চলছে। ফলে কলকাতা লিগের গ্রুপ পর্বের ডার্বিকে ঘিরে এখন মূল নজর স্টেডিয়ামের ফ্লাডলাইট পরীক্ষার ফল এবং ম্যাচের চূড়ান্ত সময় ঘোষণার দিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top