রাজ্য – নির্বাচনের মাঝেই কঠোর পদক্ষেপ নিল Election Commission of India। তৃণমূলের হয়ে প্রচারে অংশ নেওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার তিন বিএলওকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দিয়েছে কমিশন। শুধু তাই নয়, আরও দুই বিএলওর বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কমিশন সূত্রে খবর, ১০১ অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগে বলা হয়, তপনকুমার সাহা, অভিজিৎ দে এবং কুমারজিৎ দত্ত—এই তিন বিএলও দায়িত্বে থাকাকালীন শাসকদলের রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং সরাসরি প্রচারেও অংশ নেন। অভিযোগের সমর্থনে সোশ্যাল মিডিয়ার ভিডিও ক্লিপও জমা দেওয়া হয়।
প্রাথমিক তদন্তের পরই অভিযুক্ত তিন বিএলওকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে শোকজ করা হয়। তবে তাঁদের জবাবে সন্তুষ্ট না হয়ে শেষ পর্যন্ত সাসপেন্ড করে কমিশন এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। কমিশন জানায়, অভিযোগ প্রমাণিত হলে তা Representation of the People Act, 1951-এর গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে, যা নির্বাচনী নিরপেক্ষতার পরিপন্থী।
একই সঙ্গে দুবরাজপুর ও ময়ূরেশ্বরের আরও দুই বিএলওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। দুবরাজপুরের বিএলও মঞ্জুরি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ভোটার স্লিপ বিতরণ করছিলেন। অন্যদিকে ময়ূরেশ্বরের এক বিএলওর বিরুদ্ধে অভিযোগ, তিনি সাইকেলে তৃণমূলের পতাকা লাগিয়ে ভোটার স্লিপ বিলি করছিলেন। এই ঘটনাগুলির ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া ভিডিও সামনে এসেছে বলে জানা গিয়েছে।
দু’জনকেই শোকজ করা হলেও তাঁদের উত্তরে সন্তুষ্ট হয়নি কমিশন। ফলে তাঁদেরও সাসপেন্ড করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই বার্তাই স্পষ্ট করে দিয়েছে কমিশনের এই পদক্ষেপ।




















