দেশ – দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদার কোটি কোটি গ্রাহকের তথ্য নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ, ব্যাঙ্কের সিস্টেমে সাইবার হামলা চালিয়ে প্রায় ১ টেরাবাইট সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করেছে এক হ্যাকার। দাবি করা হয়েছে, ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হওয়া তথ্যের কিছু নমুনাও সামনে এসেছে। তবে এই ঘটনার সত্যতা এখনও পর্যন্ত সরকারি ভাবে নিশ্চিত করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া ডেটার মধ্যে গ্রাহকদের আধার নম্বর, নাম, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের তথ্য, ঋণ সংক্রান্ত নথি, নেটব্যাঙ্কিংয়ের তথ্য, এনআরআই ও কর্পোরেট ব্যাঙ্কিং পরিষেবার রেকর্ড, গ্রাহক পরিষেবা সংক্রান্ত নথি এবং বিভিন্ন শাখা ও এটিএম সংক্রান্ত তথ্য থাকার দাবি করা হয়েছে। ফলে গ্রাহকদের ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ‘ক্যাশলেস কনজিউমার’-এর প্রতিষ্ঠাতা শ্রীকান্ত লক্ষ্মণনের দাবি, ডার্ক ওয়েবে প্রকাশিত নমুনা নথি প্রাথমিকভাবে যাচাই করে তিনি ব্যাঙ্কের একাধিক অভ্যন্তরীণ নথির সত্যতা মিলিয়েছেন। তাঁর বক্তব্য, ওই নথিগুলির মধ্যে শাখা নিরীক্ষার রিপোর্ট, ঋণ মূল্যায়নের নথি, অভ্যন্তরীণ যোগাযোগ, ভিজিল্যান্স তদন্ত সংক্রান্ত নথি, ‘বব ওয়ার্ল্ড’-এর অডিট রিপোর্ট এবং বিভিন্ন শাখার গ্রাহকদের আবেদনপত্রও রয়েছে।
এই অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়লেও ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা তথ্য ফাঁসের ঘটনার নিশ্চিতকরণ করা হয়নি। ফলে ঘটনার প্রকৃত সত্যতা এবং সম্ভাব্য প্রভাব নিয়ে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।



















