দেশ – ভারতে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আরও বড়সড় বিনিয়োগের পরিকল্পনা করছে গুগল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, সার্ভার এবং ড্রোন নির্মাণ— একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে মার্কিন প্রযুক্তি সংস্থাটি। শুক্রবার এই তথ্য সামনে এনেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ গুগলের আধিকারিকদের সঙ্গে বৈঠকের ছবি শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারতের প্রযুক্তি পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গুগল একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ বিবেচনা করছে। বিশেষত AI ইনফ্রাস্ট্রাকচার, সার্ভার নির্মাণ এবং ড্রোন প্রযুক্তির উপর সংস্থার বিশেষ নজর রয়েছে বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিশ্বজুড়ে AI প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি নতুন বাজার এবং উন্নয়নশীল দেশগুলিতে বিনিয়োগ বাড়ানোর দিকে ঝুঁকছে। সেই প্রেক্ষাপটে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছে গুগল।
সম্প্রতি গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, সংস্থার মোট মূলধনী ব্যয় বা ক্যাপেক্স বাড়িয়ে ১৮৫ বিলিয়ন ডলার করা হবে। এই বিপুল বিনিয়োগের বড় অংশই AI অবকাঠামো উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। ফলে ভারতে গুগলের নতুন পরিকল্পনা যে ভবিষ্যতের প্রযুক্তি বাজারে বড় প্রভাব ফেলতে চলেছে, তা মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা।
ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রায় ১৫ বিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছে গুগল। এই প্রকল্পের মাধ্যমে তৈরি হতে চলেছে ভারতের প্রথম গিগাওয়াট-স্কেল AI হাব। জানা গিয়েছে, সেখানে তিনটি বৃহৎ ডেটা সেন্টার ক্যাম্পাস গড়ে তোলা হবে।
এই মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার প্রায় ৬০০ একর জমিও বরাদ্দ করেছে। প্রযুক্তি মহলের মতে, এই বিনিয়োগ শুধু AI ক্ষেত্রেই নয়, কর্মসংস্থান, ডিজিটাল পরিকাঠামো এবং তথ্যপ্রযুক্তি শিল্পের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।



















