রাজ্য – ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মাথাপিছু মাসে ২ হাজার টাকা করে বাড়তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দৈনিক সাম্মানিকের পরিমাণ ৩৭৮ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৪৪৫ টাকা। অর্থাৎ এবার থেকে প্রতিদিন অতিরিক্ত ৬৭ টাকা করে পাবেন ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা। নতুন এই বর্ধিত সাম্মানিক ১ অগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে।
গত ৩১ অগস্ট পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের পুলিশ এস্টাব্লিশমেন্ট শাখার তরফে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশকে পাঠানো ওই নির্দেশিকায় জানানো হয়েছে, নিয়মিতভাবে দায়িত্ব পালন করা ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিন ধরেই সরকারের বিবেচনাধীন ছিল।
সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখার পর রাজ্যপাল ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক মাথাপিছু ২ হাজার টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছেন। সেই অনুযায়ী তাঁদের দৈনিক সাম্মানিকের হারও সংশোধন করা হয়েছে।
এতদিন ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা প্রতিদিন ৩৭৮ টাকা করে সাম্মানিক পেতেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সেই অঙ্ক বেড়ে হয়েছে ৪৪৫ টাকা। ফলে মাসিক আয়ের ক্ষেত্রেও তাঁদের আর্থিক সুবিধা বাড়ল। সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের মধ্যে স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে।




















