বিদেশ – মঙ্গলবার ফের যুদ্ধের আগুনে উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য। রাতভর ইরানের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে আমেরিকা। তার পালটা জর্ডন ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের একটি মার্কিন ঘাঁটিতেও মিসাইল আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমেরিকার হাতে। একইসঙ্গে ইরানের সঙ্গে আর কোনও আলোচনা হবে না বলেও জানিয়েছেন তিনি।
মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল ইরানের সেনা। তার প্রত্যাঘাত হিসাবেই তেহরান-সহ ইরানের একাধিক এলাকায় আকাশপথে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও মার্কিন মিসাইল আছড়ে পড়ার খবর মিলেছে। সেখানে এক শিশু-সহ চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
ইরানজুড়ে মার্কিন হামলার পরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা আক্রমণ শুরু করে ইরানি সেনা। ইরানের দাবি, তাদের হামলায় অন্তত দুই মার্কিন সেনার মৃত্যু হয়েছে। যদিও ইরানের এই দাবি সরাসরি খারিজ করেছে আমেরিকা। ফলে দুই দেশের পালটা হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তিনি। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও কতটা ছড়ায় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর গোটা বিশ্বের।




















