রাজ্য – ভোটের সময় যাতে কোনও অশান্তি বা বহিরাগতদের প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি ছেড়ে পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বাইরের কোনও রাজনৈতিক নেতা বা কর্মী এসব এলাকায় থাকতে পারবেন না।
এই নির্দেশ কার্যকর থাকবে প্রথম দফার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। ফলে ২১ এপ্রিল সন্ধ্যা থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দিঘা-সহ উপকূলবর্তী এলাকায় কোনও বাইরের পর্যটক বা ব্যক্তি হোটেল কিংবা গেস্ট হাউসে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষও।
২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে মোট ১৫২টি আসনে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আসনই রয়েছে। এই জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর এবং শংকরপুর—সবকটি জনপ্রিয় পর্যটনস্থলেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভিন জেলার কোনও বাসিন্দাকে এই সব এলাকায় থাকতে দেওয়া হবে না। এমনকি কোনও রাজনৈতিক দলের প্রচারকও সেখানে অবস্থান করতে পারবেন না। এই নিয়ম ভাঙলে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ২২৩ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।
এই নির্দেশ জারির পর থেকেই এলাকায় মাইকিং শুরু হয়েছে। দিঘা, দিঘা মোহনা ও মন্দারমণি উপকূল থানার পক্ষ থেকে পর্যটকদের বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কমিশনের আশঙ্কা, পর্যটকদের আড়ালে বহিরাগতরা এলাকায় ঢুকে অশান্তি সৃষ্টি করতে পারে। সেই কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভোট চলাকালীন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতেই কমিশনের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এর ফলে পর্যটন নির্ভর এই এলাকাগুলিতে সাময়িক প্রভাব পড়লেও নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করাই মূল লক্ষ্য প্রশাসনের।




















