রাজ্য – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গ এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, অবিলম্বে পাঁচজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু হতে পারে। তালিকায় রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসুম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্থি থানার ওসি শুভেচ্ছা বাগ।
অভিযোগ, ভোটের দায়িত্ব পালনকালে তাঁরা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালের বিরুদ্ধেও ওয়ার্নিং জারি করা হয়েছে কমিশনের নির্দেশিকায়। অধস্তন আধিকারিকদের উপর যথাযথ নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ২৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে, কমিশনের আরেকটি নির্দেশিকায় জানানো হয়েছে যে, ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গের ৪৪,৩৭৬টি এবং তামিলনাড়ুর ৭৫,০৬৪টি ভোটকেন্দ্রের কোনওটিতেই পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়নি। অর্থাৎ, দুই রাজ্যেই প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভোট চলাকালীন আইনশৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে এবার নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর অবস্থান নিচ্ছে। সামান্য অভিযোগকেও গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই ঘটনার পর ডায়মন্ড হারবারকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।



















