কলকাতা: ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব কাটতেই এবার বাংলার আবহাওয়ায় বদল আসতে চলেছে। আজ বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধু তাই নয়, রাতের তাপমাত্রাও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে কালীপুজোর আগে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কাটবে, আকাশ পরিষ্কার হবে এবং দেখা মিলবে রোদের।
কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
পাশাপাশি রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে দিনের তুলনায় রাত ও ভোরের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে। কালীপুজোর আগে আবহাওয়ার এই পরিবর্তনে শীতের আমেজ পেতে পারেন রাজ্যবাসী।



















