উত্তর চব্বিশ পরগনা – যশোর রোডে শিরিষ গাছের শুকনো ডাল ভেঙে মৃত্যু হওয়া বনগাঁর সিকদারপল্লির বাসিন্দা ২৫ বছর বয়সী বাপন বিশ্বাসের পরিবারের হাতে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিল রাজ্য সরকার। শুক্রবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
মন্ত্রী জানান, ঘটনার পর তিনি বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানান, মৃত যুবকের এক ভাই এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। ভবিষ্যতে ১৮ বছর পূর্ণ হলে তাঁর জন্যও সরকারি স্তরে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোর রোডে প্রায় ৪ হাজার গাছ রয়েছে। বনদফতর ও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যৌথ সমীক্ষায় বেশ কয়েকটি মৃত ও বিপজ্জনক গাছ চিহ্নিত হয়েছে। ইতিমধ্যেই ১১টি গাছ অপসারণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই গাছ কাটার কাজ শুরু হবে।
যশোর রোডে বারবার গাছের ডাল ভেঙে দুর্ঘটনার প্রসঙ্গে অশোক কীর্তনীয়া দাবি করেন, দীর্ঘদিন এই সমস্যার সমাধানে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং দ্রুত বিপজ্জনক গাছ অপসারণের কাজ শুরু হবে। পাশাপাশি ইছামতী নদী সংস্কারের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও তিনি জানান। তাঁর দাবি, খুব শীঘ্রই এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বড় ঘোষণা করবেন।



















