রাজ্য – রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াত আরও সহজ করতে আজ, ১ আগস্ট থেকে চালু হচ্ছে বহু প্রতীক্ষিত ‘পিঙ্ক কার্ড’। এই কার্ডের মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। যাঁদের কাছে পিঙ্ক কার্ড থাকবে না, তাঁদের নিয়ম অনুযায়ী ভাড়া দিয়েই যাতায়াত করতে হবে।
ভোটে জয়ী হওয়ার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা করেছিলেন। তাঁর দাবি, এই প্রকল্পে বছরে প্রায় ৩০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার। তবে যাঁরা নিজস্ব সামর্থ্যে ভাড়া দিতে পারবেন, তাঁদের এই সুবিধা না নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী, শুধুমাত্র প্রয়োজনীয় ও যোগ্য মহিলারাই পিঙ্ক কার্ডের সুবিধা পাবেন।
পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁদের অনেকের হাতেই পিঙ্ক কার্ড পৌঁছে গিয়েছে। আজ থেকেই সরকারি বাসে এই কার্ড ব্যবহার করা যাবে। যদিও এখনও সব আবেদনকারীর হাতে কার্ড পৌঁছায়নি। বাসে ওঠার সময় পিঙ্ক কার্ড দেখিয়ে বা নির্ধারিত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে বিনামূল্যে যাতায়াত করা যাবে।
রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের নিরাপদ, সহজ, প্রযুক্তিনির্ভর ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে পরিবহন নিগম, বাসকর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে, যাতে প্রকল্পটি নির্বিঘ্নে কার্যকর করা যায়।




















