রাজ্য – কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা এখনই কাটছে না। শ্রাবণের শুরুতেই নতুন করে নিম্নচাপের প্রভাবে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রথযাত্রার দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে। এছাড়া উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিম বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হতে চলা নতুন নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া আরও খারাপ হতে পারে। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ, বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৮ শতাংশের মধ্যে রয়েছে, ফলে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।




















