খেলা – সহজ ম্যাচকে শেষ মুহূর্তে কঠিন করে তুললেও শেষ পর্যন্ত জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রুদ্ধশ্বাস লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল আরসিবি। এই জয়ের ফলে প্লে-অফে ওঠার রাস্তা আরও অনেকটাই পরিষ্কার করল বেঙ্গালুরু। অন্যদিকে এই হারের পর কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। একইসঙ্গে বাড়ল কলকাতা নাইট রাইডার্সের উপর চাপও।
ম্যাচের নায়ক হয়ে উঠলেন ক্রুণাল পাণ্ডিয়া। চোট নিয়েও একপ্রকার অসাধ্যসাধন করেন তিনি। এক পায়ে লড়াই চালিয়ে গিয়ে আরসিবির জয় নিশ্চিত করেন। শেষ বল পর্যন্ত উত্তেজনা বজায় থাকা ম্যাচে রশিখ সালাম রান আউট হতে হতে দলকে জয়ের রান এনে দেন।
তবে ম্যাচের শুরু থেকেই আলোচনায় ছিলেন ভুবনেশ্বর কুমার। বয়স যে শুধুই সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন অভিজ্ঞ এই পেসার। ৩৬ বছর বয়সেও তাঁর বলের সুইংয়ে নাস্তানাবুদ হচ্ছেন নামী ব্যাটাররা। জাতীয় দলে সুযোগ না পেলেও আইপিএলে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে প্রমাণ করে চলেছেন ভুবনেশ্বর। এই ম্যাচে চার উইকেট তুলে নিয়ে পার্পল ক্যাপের দৌড়েও শীর্ষে উঠে এলেন তিনি। বর্তমানে তাঁর ঝুলিতে ২১টি উইকেট।
রায়পুরের পিচে থাকা ফাটলকে দুর্দান্তভাবে কাজে লাগান ভুবনেশ্বর। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ম্যাচের দ্বিতীয় ওভারেই রায়ান রিকেলটনকে ফেরান ভুবনেশ্বর। এরপর ভালো শুরু করেও ২২ রান করে তাঁর শিকার হন রোহিত শর্মা। ঠিক পরের বলেই আউট হন সূর্যকুমার যাদব। পরপর দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে প্রায় একই ধরনের ডেলিভারিতে ফেরান ভুবনেশ্বর।
চাপের মুখে তখন মুম্বইয়ের ইনিংস সামলানোর দায়িত্ব নেন নমন ধীর এবং তিলক বর্মা। দু’জনের ৮২ রানের গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচে ফেরে মুম্বই। নমন ৪৭ রান করে রশিখ সালামের বলে বোল্ড হন। অন্যদিকে ৫৭ রান করে তিলক বর্মাকে ফেরান সেই ভুবনেশ্বরই। এরপর উইল জ্যাকস এবং রাজ বাওয়াও বড় রান করতে ব্যর্থ হন। ফলে নির্ধারিত ওভারে ১৬৬ রানেই থেমে যায় মুম্বইয়ের ইনিংস।
ভুবনেশ্বরের চার উইকেট ছাড়াও জশ হ্যাজেলউড, রশিখ সালাম এবং রোমারিও শেফার্ড একটি করে উইকেট তুলে নেন। পরে ব্যাট হাতে কিছুটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ক্রুণাল পাণ্ডিয়ার লড়াকু ইনিংসে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু।
এই জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে ফেলল আরসিবি শিবির। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে হতাশ মুম্বই সমর্থকরা।




















