শপথের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক রদবদল, সিএমও-তে দুই তরুণ আইএএসকে আনলেন শুভেন্দু

শপথের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক রদবদল, সিএমও-তে দুই তরুণ আইএএসকে আনলেন শুভেন্দু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – শপথগ্রহণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের ইঙ্গিত আরও স্পষ্ট করে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার উপদেষ্টা পদে অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্তকে নিয়োগ করার পর রবিবার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবালয় বা সিএমও-তে দুই তরুণ আইএএস আধিকারিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল।
রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই আইএএস আধিকারিককে মুখ্যমন্ত্রী দফতরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। এই পদক্ষেপকে নতুন সরকারের প্রশাসনিক ‘কোর টিম’ গঠনের গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করছে প্রশাসনিক মহল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পি প্রমথ, যিনি ২০১৯ ব্যাচের আইএএস আধিকারিক, এতদিন মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং টেক্সটাইল দফতরের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। এবার তাঁকে সরাসরি মুখ্যমন্ত্রী দফতরের যুগ্ম সচিব পদে আনা হয়েছে।
অন্যদিকে ২০২০ ব্যাচের আইএএস আধিকারিক নবনীত মিত্তল, যিনি পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক বা এডিএম পদে দায়িত্ব সামলাচ্ছিলেন, তাকেও নবান্নে মুখ্যমন্ত্রী দফতরের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
শনিবারের পর রবিবারেও ধারাবাহিক প্রশাসনিক বদল থেকে স্পষ্ট, সরকার পরিচালনায় নিজের পছন্দের দক্ষ ও নির্ভরযোগ্য আধিকারিকদের নিয়ে দ্রুত টিম গড়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে জেলা প্রশাসন এবং গুরুত্বপূর্ণ দফতর থেকে আধিকারিক বেছে নেওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষকরা।
এর আগেই শনিবার ব্রিগেডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই প্রাক্তন আমলাকে সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে চাইছেন শুভেন্দু, এমনটাই মনে করা হচ্ছে।
রবিবার আরও দুটি পৃথক নির্দেশিকায় মুখ্যমন্ত্রী তাঁর দফতরের ‘কোর টিম’ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন বলেই ইঙ্গিত মিলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাতজন অভিজ্ঞ ডব্লিউবিসিএস আধিকারিককে মুখ্যমন্ত্রী দফতরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন অতীতে নন্দীগ্রামের ইআরও হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গিয়েছে।
প্রশাসনিক মহলের মতে, নতুন মুখ্যমন্ত্রী শুরু থেকেই তরুণ, দক্ষ এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম আধিকারিকদের নিয়ে নিজের দফতর সাজাতে চাইছেন। আগামী দিনে আরও প্রশাসনিক রদবদল হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে নবান্নের অন্দরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top