কলকাতা: দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার হামলা এবং রাজনৈতিক হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর ক্যাম্পাসে সাম্প্রতিক অশান্তি এবং তার প্রতিবাদে চলা ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদের উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকেই যাদবপুরের প্রাক্তন অধ্যাপক হিসেবে ইমেল মারফত নিজের বার্তা পাঠান অমর্ত্য সেন।
ইমেল বার্তায় তিনি জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক হামলার ঘটনা শুনে তিনি ভীষণভাবে হতবাক। তাঁর মতে, সাধারণ মানুষকে রাজনৈতিক হিংসার হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
প্রায় ৭০ বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই নিজের অধ্যাপনা জীবন শুরু করেছিলেন অমর্ত্য সেন। ফলে এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে। সেই আবেগের জায়গা থেকেই বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
নোবেলজয়ী অর্থনীতিবিদের বক্তব্য, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, শিক্ষাঙ্গন থেকে শুরু করে সমাজের সর্বত্রই হিংসামুক্ত পরিবেশে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার সকলের রয়েছে। বিশেষ করে কোনও হিংসাত্মক ঘটনার পিছনে যদি সাম্প্রদায়িক মানসিকতা বা ভাবনা কাজ করে, তবে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।



















