কলকাতা – বুধবার সকালেই কলকাতার মেট্রো পরিষেবায় সাময়িক বিভ্রাট। ব্লু লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। সূত্রের খবর, সমস্যার জেরে সাময়িকভাবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চলাচল করছিল। অফিসের ব্যস্ত সময়ে এই বিভ্রাটে সমস্যায় পড়েন বহু নিত্যযাত্রী।
প্রায় ২৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ব্লু লাইনে ফের সচল হয় মেট্রো পরিষেবা। দ্রুত পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ায় বড়সড় ভোগান্তির হাত থেকে রক্ষা পান যাত্রীরা। তবে ব্যস্ত সময়ে আচমকা মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় স্টেশনগুলিতে যাত্রীদের চাপ তৈরি হয়।
অন্যদিকে, শহরের মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের কাজও চলছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রো চলাচল শুরু করার লক্ষ্য রয়েছে। জোকা-ধর্মতলা পার্পল লাইনের টানেল নির্মাণে ব্যবহার করা হয়েছে ‘দুর্গা’ এবং ‘দিব্যা’ নামে দুটি বিশেষ টানেল বোরিং মেশিন।
ইতিমধ্যেই প্রথম টানেলের কাজ শেষ করেছে ‘দুর্গা’। গত মাসে ভিক্টোরিয়া মাটির নীচের স্টেশনে পৌঁছনোর পর গত শুক্রবার মাটির ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে মেশিনটি। প্রায় এক বছর আগে টানেল খোঁড়ার কাজ শুরু করেছিল ‘দুর্গা’। জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ সম্পূর্ণ হওয়ায় প্রকল্পের পরবর্তী পর্যায়ের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।




















