কলকাতা: আগামী ২০ নভেম্বর ‘কলকাতা চলো’ অভিযানের ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বিরোধীদের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টির অভিযোগ এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার দাবিকে সামনে রেখেই এই বৃহত্তর ছাত্রসমাবেশের আয়োজন করছে আরএসএসের ছাত্র সংগঠনটি। কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। সংগঠন সূত্রে খবর, ওই দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নিতে পারেন।
মঙ্গলবার এবিভিপি-র পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এবিভিপি-র দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য, জাতীয় কার্যকরিণী সদস্য অরবিন্দ বাজপেয়ী, কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার-সহ সংগঠনের অন্যান্য কার্যকর্তারা।
সংগঠনের তরফে জানানো হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার বার্তা নিয়েই এই কর্মসূচির আয়োজন। ২০ নভেম্বরের সমাবেশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।



















