তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার ১ কোটি ২ লক্ষ টাকা! পরিকল্পিতভাবে ভুয়ো প্রমাণ সাজানোর অভিযোগ অভিষেকের

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার ১ কোটি ২ লক্ষ টাকা! পরিকল্পিতভাবে ভুয়ো প্রমাণ সাজানোর অভিযোগ অভিষেকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ডায়মন্ড হারবার: ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা! ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি তৃণমূলের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই লোকসভা কেন্দ্রেরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোদ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার সাংবাদিক বৈঠক করে টাকা উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। এত বিপুল পরিমাণ টাকা পার্টি অফিসে কীভাবে এল, তা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে অভিষেক দাবি করেছেন, প্রায় ছ’মাস আগে বিজেপির দুষ্কৃতীদের হামলায় ওই সম্পত্তি ভাঙচুর করা হয়েছিল। পরবর্তীতে পুলিশের তদন্তে সেই জায়গাটিকেই অপরাধস্থল হিসেবে চিহ্নিত করা হয়। তাঁর অভিযোগ, সেই জায়গাতেই পরিকল্পিতভাবে ভুয়ো ও জাল প্রমাণ সাজিয়ে রাখা হয়েছে।

অভিষেকের বক্তব্য, এই ধরনের ঘটনা ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করার পাশাপাশি পুলিশি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা। একইসঙ্গে আইন ও প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করারও অভিযোগ তুলেছেন তিনি।

বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে টাকা উদ্ধারের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন, অন্যদিকে অভিষেকের পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এখন পুলিশের তদন্তে এই টাকা উদ্ধারের নেপথ্যে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top