কলকাতা – বড়দিন মানেই পার্ক স্ট্রিটজুড়ে আলোর রোশনাই, গান, সাজসজ্জা এবং উপচে পড়া ভিড়। প্রতিবছরের মতো এ বছরও এই এলাকায় বিপুল জনসমাগমের আশঙ্কা রয়েছে। সেই কারণে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই কঠোর নিরাপত্তা ও যান চলাচল সংক্রান্ত বিশেষ পরিকল্পনার কথা জানাল কলকাতা পুলিশ। মঙ্গলবার এই বিষয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেন পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ডিসেম্বর বিকেল থেকেই পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হবে। ভিড় সামলাতে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের দিক পরিবর্তন করা হবে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনে আরও অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, রাসেল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট, আরএকে রোড এবং উড স্ট্রিটকে নো-পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভিড়ের সম্ভাবনা থাকায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, নিউ মার্কেট, আলিপুর চিড়িয়াখানা, তারামণ্ডলসহ আরও বেশ কিছু এলাকায় পার্কিং নিষিদ্ধ করা হতে পারে।
ভিড় ও নিরাপত্তা সামলাতে প্রায় ১৫০০-র বেশি পুলিশকর্মী মোতায়েন থাকবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা সরাসরি পরিস্থিতি তদারক করবেন। এর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ এবং কুইক রেসপন্স টিমও এলাকায় সক্রিয় থাকবে।
নিরাপত্তা আরও জোরদার করতে ড্রোন ক্যামেরা ও ওয়াচটাওয়ার বসানো হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হবে অ্যাম্বুল্যান্সও। যেহেতু বড়দিনে বহু মানুষ হেঁটে পার্ক স্ট্রিট ঘোরেন, তাই ভিড় নিয়ন্ত্রণের জন্য একদিক দিয়ে প্রবেশ এবং অন্যদিক দিয়ে বেরোনোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনও জায়গায় অতিরিক্ত ভিড় জমে না ওঠে।
সম্প্রতি মেসি ইভেন্টকে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার ঘটনার কথা মাথায় রেখেই এবার বাড়তি সতর্ক প্রশাসন। পুলিশের দাবি, পরিকল্পিত ওয়ান-ওয়ে ব্যবস্থা এবং কড়া নজরদারির ফলে সেই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি হবে না।




















