আলিমুদ্দিনের সামনে মঙ্গলবার চণ্ডীপাঠের আয়োজন, রাজনৈতিক উত্তাপের আবহেই বিকেলে বাম কনভেনশনে প্রকাশ রাজ

আলিমুদ্দিনের সামনে মঙ্গলবার চণ্ডীপাঠের আয়োজন, রাজনৈতিক উত্তাপের আবহেই বিকেলে বাম কনভেনশনে প্রকাশ রাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: সোমবার সন্ধ্যা থেকেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘আলিমুদ্দিনে চণ্ডীপাঠ’-এর পোস্টার। মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটকে কেন্দ্র করে এই চণ্ডীপাঠের আয়োজন করছে আরপিআই এ নামের একটি সংগঠন। কর্মসূচিতে তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান-সহ বিজেপি-ঘনিষ্ঠ বেশ কয়েকটি পরিচিত মুখের যোগ দেওয়ার কথা রয়েছে।

আলিমুদ্দিন স্ট্রিটে অবস্থিত সিপিএমের রাজ্য দফতরে যাওয়ার পথে এজেসি বোস রোড থেকে ঢোকার মুখে একটি পেট্রোল পাম্পের কাছে চণ্ডীপাঠের মঞ্চ তৈরি করা হয়েছে। এই আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় কর্মসূচিকে কেন্দ্র করে কী পরিস্থিতি তৈরি হয়, সেদিকেই নজর রয়েছে।

এদিকে, মঙ্গলবার বিকেলেই আলিমুদ্দিন স্ট্রিটের কাছাকাছি এলাকায় বামেদের কনভেনশনে যোগ দেওয়ার কথা অভিনেতা প্রকাশ রাজের। ফলে একই দিনে একদিকে চণ্ডীপাঠের আয়োজন, অন্যদিকে বামেদের রাজনৈতিক কর্মসূচি—সব মিলিয়ে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে সকাল থেকে চণ্ডীপাঠের কর্মসূচি কীভাবে এগোয় এবং তার জেরে কোনও রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয় কি না, তা সময়ই বলবে। গোটা ঘটনার দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top