হুগলি – শনিবার সকালেই দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা-হাওড়া সংযোগকারী অন্যতম ব্যস্ত রুট বিদ্যাসাগর সেতু। হাওড়া থেকে কলকাতা যাওয়ার লেনে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী কন্টেইনার সোজা ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায় গাড়িটি।
ঘটনার পর আতঙ্ক ছড়ালেও চালক ও খালাসি কোনওরকমে নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ড পুলিশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু হয়।
কন্টেইনারটি ব্রিজের মাঝ বরাবর উল্টে পড়ায় দু’দিকের দুটি করে লেন চালু রাখা সম্ভব হয়েছে। এর ফলে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও বড় ধরনের যানজট হয়নি। পরিস্থিতি মোটের ওপর স্বাভাবিক রয়েছে বলেই জানাচ্ছে পুলিশ।
পুলিশের দাবি, শনিবার সকাল হওয়ায় বিদ্যাসাগর সেতুতে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। সেই কারণেই বড় দুর্ঘটনা ও ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত কন্টেইনার সরানোর কাজ চলছে।




















