সপ্তাহের শুরুতেই শীতের ঝাঁঝ বাড়ল বাংলায়, আরও নামতে পারে পারদ

সপ্তাহের শুরুতেই শীতের ঝাঁঝ বাড়ল বাংলায়, আরও নামতে পারে পারদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সপ্তাহের শুরুতেই ফের কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। কয়েক দিন আগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বেড়েছিল ঠিকই, তবে সেই স্বস্তি যে খুবই ক্ষণস্থায়ী, তা স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর। নতুন সপ্তাহে পা দিতেই ফের নামতে শুরু করেছে পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৭ ডিগ্রি কম। আবহবিদদের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু উত্তুরে হাওয়ার দাপটে সকাল-সন্ধ্যায় কাঁপুনি ধরছিল। তার উপর রবিবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির আকাশ ছিল মেঘলা। রোদ না ওঠায় সূর্যের তাপ সরাসরি মাটিতে পৌঁছাতে পারেনি। আবহবিদদের মতে, এই মেঘলা আকাশই ঠান্ডা বাড়ার অন্যতম কারণ। তবে সোমবারের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হয়ে যাবে এবং ফের দক্ষিণবঙ্গে সক্রিয় হবে উত্তরের হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বাংলার প্রায় সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তার পর সপ্তাহের বাকি দিনগুলিতে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি নীচেই থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক।
তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ফলে সকালবেলায় যান চলাচলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে উত্তরবঙ্গে শীতের দাপট আরও বাড়বে। দার্জিলিংয়ে দু’-এক জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন কুয়াশা নিয়ে কড়া সতর্কতা রয়েছে।
কলকাতার ক্ষেত্রে হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবারের মধ্যে ধীরে ধীরে আরও নামতে পারে পারদ। সপ্তাহের মাঝামাঝি সময়ে শহরের শীত আরও জোরালো রূপ নিতে পারে। সব মিলিয়ে নতুন সপ্তাহে শীতের কামড় থেকে আপাতত রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top