ফের বিয়ের পিঁড়িতে শিখর ধাওয়ান, আইরিশ মডেল সোফি শাইনের সঙ্গেই নতুন ইনিংস শুরু ‘গব্বর’-এর

ফের বিয়ের পিঁড়িতে শিখর ধাওয়ান, আইরিশ মডেল সোফি শাইনের সঙ্গেই নতুন ইনিংস শুরু ‘গব্বর’-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহলের শেষ নেই নেটদুনিয়ায়। কে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, কার বিচ্ছেদ হল, আবার কার জীবনে এল নতুন অধ্যায়—এই সব খবর জানতে মুখিয়ে থাকেন ভক্তরা। সেই তালিকায় এবার নতুন করে জুড়ল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের নাম। দীর্ঘ আইনি লড়াই ও ব্যক্তিগত টানাপোড়েন পেরিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘গব্বর’।
সূত্রের খবর, আইরিশ মডেল সোফি শাইনের সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন শিখর ধাওয়ান। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই গুঞ্জনে শিলমোহর পড়তে চলেছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে দিল্লির NCR অঞ্চলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হতে চলেছে এই জুটির।
জানা যাচ্ছে, তাঁদের বিয়ের অনুষ্ঠানে ক্রিকেট এবং বলিউড জগতের একাধিক তারকার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং শিখর ধাওয়ান নিজেও ব্যক্তিগতভাবে আয়োজনের প্রতিটি খুঁটিনাটির দিকে নজর রাখছেন, যাতে কোনও ত্রুটি না থাকে।
প্রসঙ্গত, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় প্রথম প্রকাশ্যে শিখর ধাওয়ানের সঙ্গে সোফি শাইনকে দেখা গিয়েছিল। সেই সময় থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে সোশ্যাল মিডিয়ায় দু’জনের বিভিন্ন মুহূর্তের উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দেয়। খবর অনুযায়ী, কয়েক বছর আগে দুবাইতে প্রথম দেখা হয় শিখর ও সোফির। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। আইপিএল ২০২৪ চলাকালীন একাধিক ম্যাচে সোফিকে দেখা যাওয়ায় সেই সম্পর্ক আরও আলোচনায় আসে।
উল্লেখ্য, শিখর ধাওয়ান এর আগে অস্ট্রেলিয়ান নাগরিক আয়েশা মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদের একটি ছেলে রয়েছে, জোরাভার ধাওয়ান। ২০১২ সালে এই বিয়ে হয় এবং ২০২১ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের ঘোষণা করেন আয়েশা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
রিপোর্ট অনুযায়ী, শিখরের হবু স্ত্রী সোফি শাইন একজন আইরিশ পণ্য পরামর্শদাতা। তিনি লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত রয়েছেন। সব মিলিয়ে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত শিখর ধাওয়ান, আর সেই খবরে খুশি তাঁর অনুরাগীরাও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top