মালদহে বিএলও সম্পৃতা চৌধুরী সান্যালের মৃত্যু: কাজের চাপই মূল কারণ?

মালদহে বিএলও সম্পৃতা চৌধুরী সান্যালের মৃত্যু: কাজের চাপই মূল কারণ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা – অসুস্থতা সত্ত্বেও এসআইআরের কাজের চাপ থেকে মুক্তি না পাওয়ায় বুধবার ভোররাতে মালদহের বিএলও সম্পৃতা চৌধুরী সান্যাল প্রয়াত হয়েছেন। পরিবারের দাবি, এই মৃত্যু মূলত এসআইআরের দায়িত্বের অতিরিক্ত চাপের কারণেই ঘটে। খবর পেয়ে মৃতার বাড়িতে ছুটে যান স্থানীয় কাউন্সিলর। তবে বিজেপি নেতৃত্ব মন্তব্য করেছে, সব মৃত্যুর জন্য এসআইআরকে দোষারোপ করা উচিত নয়।
জানা গেছে, মালদহের ইংরেজবাজার পুরসভা এলাকার ফুলবাড়ি পাকুরতলা গ্রামের বাসিন্দা সম্পৃতা চৌধুরী সান্যাল আইসিডিএস কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের বিএলও ছিলেন। মৃতার স্বামী জানিয়েছেন, “প্রচণ্ড কাজের চাপ ও তীব্র শীতের মধ্যে কয়েক দিন অসুস্থ ছিলেন সম্পৃতা। ডাক্তার দেখানো হয়েছিল এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এসআইআর-এর কাজের চাপের কারণে তিনি কাজ করতে বাধ্য হন, যা অসুস্থতাকে আরও বাড়িয়ে দেয়। ভোররাতে মৃত্যু হয়।”
খবর পেয়ে ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ মৃতার বাড়িতে পৌঁছে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলে বিএলওরা অসুস্থ হচ্ছেন এবং তার পরিণতি ভয়ঙ্কর। তবে বিজেপি দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “যেকোনও মৃত্যু দুঃখজনক। তবে সব দায় নির্বাচন কমিশনের উপর চাপানো ঠিক হবে না। তৃণমূলের জনপ্রতিনিধিরাও বিএলওদের উপর চাপ সৃষ্টি করছেন।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top