রাজ্য – মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (CEC Gyanesh Kumar) সংসদে অভিশংসন বা ইমপিচ (Impeachment) করার পরিকল্পনা নিয়েছে বিরোধীরা। সোমবার রাজ্যসভার কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) চেম্বারে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের (India Alliance) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিনে লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) অপসারণের জন্য বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করেন। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মার বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাবও বর্তমানে সংসদের বিবেচনাধীন।
বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রধানত ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং এসআইআর (SIR) সংক্রান্ত অভিযোগ তুলে ইমপিচের প্রস্তাব আনতে চাইছেন। খাড়্গের চেম্বারে সোমবারের বৈঠকে তৃণমূলের লোকসভার উপনেতা শতাব্দী রায় উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে কোটিরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই প্রসঙ্গে শতাব্দী প্রস্তাব করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে সংসদে ইমপিচ করার প্রস্তাব আনা হোক। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত সব দলের নেতারাই এই প্রস্তাবে সায় দেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অভিশংসন বা ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্য রয়েছে। রাজ্যসভায় ৫০ এবং লোকসভায় ১০০ সদস্য প্রস্তাব আনতে পারেন। নিয়ম অনুযায়ী সংসদের যে কোনও কক্ষে এই প্রস্তাব আনা যেতে পারে এবং প্রস্তাবে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে। তবে প্রস্তাব পাশ করাতে হলে দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন দরকার। পাশ হলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।
সংখ্যার বিচারে প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা কম, তবে সংসদে অভিশংসন বা ইমপিচমেন্ট প্রস্তাব আনা যে কোনও সাংবিধানিক অধিকারের জন্যই অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে।




















