রাজ্য – ইদ উৎসব (EID 2026) সামনে রেখে বাংলার বিভিন্ন জেলায় যাত্রীদের ভিড় সামাল দিতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhuri) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) কাছে বিশেষ ট্রেন চালুর (Special Trains For EID In West Bengal) আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, ইদের সময় দেশের নানা প্রান্ত থেকে মানুষ বাড়ি ফেরেন, কিন্তু পর্যাপ্ত ট্রেন না থাকলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন, মুর্শিদাবাদ জেলা, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে উৎসবের সময় বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফিরে আসেন। দেশের বিভিন্ন রাজ্যে কাজ করা (Migrant Workers) মানুষরাও পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যান। এই সময়ে ট্রেনে যাত্রীসংখ্যা দ্রুত বেড়ে যায়। পর্যাপ্ত রেল পরিষেবা না থাকলে যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়।
এই প্রেক্ষিতে তিনি হাওড়া এবং শিয়ালদহ (Howrah-Sealdah) থেকে উত্তরবঙ্গমুখী অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ করেছেন। বিশেষ ট্রেন চালু হলে যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণেও সাহায্য হবে।
চিঠিতে তিনি কয়েকটি নির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরেছেন। প্রথমত, শিয়ালদহ থেকে নশীপুর সেতু হয়ে মালদহ ও উত্তরবঙ্গমুখী বিশেষ ট্রেন চালুর দাবি। এতে মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী জেলার যাত্রীরাও সুবিধা পাবেন।
দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, হাওড়া থেকে খাগড়াঘাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর ও ফরাক্কা হয়ে মালদহ এবং উত্তরবঙ্গের দিকে বিশেষ ট্রেন চালুর কথা বলা হয়েছে। এই রুটে অতিরিক্ত ট্রেন চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।
এছাড়াও ইদের সপ্তাহে খাগড়াঘাট রোড স্টেশনে চলাচলকারী একাধিক ট্রেনে অস্থায়ী স্টপেজ চালু করার প্রস্তাব দিয়েছেন। এতে স্থানীয় যাত্রীরা সরাসরি ট্রেনে ওঠার সুযোগ পাবেন।
আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে শিয়ালদহ থেকে লালগোলা পর্যন্ত বিশেষ মেমু ট্রেন চালুর দাবি জানিয়েছেন অধীর। তাঁর মতে, এই পরিষেবা চালু হলে ইদের সময় যাত্রীদের চাপ সামলাতে রেলকে অনেকটাই সাহায্য হবে এবং সাধারণ মানুষও স্বস্তি পাবেন।




















