রাজ্য – আসন্ন ২৩ মার্চ সন্ধ্যায় ভোটার লিস্টের ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ বা পরিপূরক তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যে যাতে কোনও বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেই লক্ষ্যেই আগাম সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। শনিবার নবান্নের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলাশাসকদের উদ্দেশ্যে এই মর্মে একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তালিকা প্রকাশের সময় সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ এবং সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিনিয়র স্পেশাল সেক্রেটারির স্বাক্ষরিত ওই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব জায়গায় জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আগেভাগেই ভিড় নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত রাখতে হবে।
এই নির্দেশ শুধু জেলাশাসকদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদেরও বিষয়টি সম্পর্কে অবগত করার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারের কাছেও এই নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে, যাতে সর্বস্তরে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলা করা যায়।
প্রশাসনের মতে, ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই আগাম তৎপরতা নেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবান্নের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।




















