বিনোদন – ২০২৫ সালের অন্যতম আলোচিত ছবি ধুরন্ধর-এর সাফল্যের পর এবার সমান তালে ছুটছে তার সিক্যুয়েল ধুরন্ধর ২। রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত এই ছবির অনস্ক্রিন রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বয়সের ব্যবধান নিয়ে শুরুতে সমালোচনা হলেও, মুক্তির পর সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছে এই ছবি।
বিশেষ করে ‘ইয়ালিনা জামালি’ চরিত্রটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এই চরিত্রে অভিনয়ের জন্যই শেষ পর্যন্ত নির্বাচিত হন সারা অর্জুন। জানা গেছে, এই একটি চরিত্রের জন্য কয়েক হাজার মেয়ের অডিশন নেওয়া হয়েছিল, যার মধ্যে থেকে সারাকেই বেছে নেন নির্মাতারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানান, শুরু থেকেই তাঁরা এই চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন। প্রথমদিকে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কথাও ভাবা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় সম্পূর্ণ ফ্রেশ ফেস নেওয়ার।
তিনি বলেন, তাঁদের লক্ষ্য ছিল এমন একজন অভিনেত্রীকে খুঁজে বের করা, যাকে দেখে দর্শকদের একেবারে নতুন মনে হবে এবং যার মধ্যে থাকবে স্বতঃস্ফূর্ত অভিনয়ের ছাপ। সারার অডিশনেই সেই জিনিসটি পরিষ্কার হয়ে যায়। একটি সংলাপ—‘আপনি কি ভারতের কোনও এজেন্ট?’—বলতেই মুকেশ ছাবড়া সেই ভিডিও সঙ্গে সঙ্গে পরিচালক আদিত্য ধর-কে পাঠিয়ে দেন। ভিডিও দেখেই আদিত্য জানতে চান, ‘এই মেয়েটা কে?’
মুকেশ জানান, সারা আগে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও এই চরিত্রে তাঁর উপস্থিতি ছিল একেবারে নতুন ও সতেজ। প্রথমে মনে হয়েছিল রণবীর সিং-এর পাশে তিনি হয়তো কিছুটা খাটো দেখাতে পারেন, তবে অডিশনের গুণেই শেষ পর্যন্ত তাকেই চূড়ান্ত করা হয়।
সব মিলিয়ে, সাহসী কাস্টিং সিদ্ধান্ত এবং নতুন মুখের উপর ভরসাই ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠেছে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।


















