নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন, উত্তর ভারতের যোগাযোগে নতুন দিগন্ত

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন, উত্তর ভারতের যোগাযোগে নতুন দিগন্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – উত্তরপ্রদেশের জেওয়ারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার এই বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্বোধনের পরই এই প্রকল্পকে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রায় ১১ হাজার ৭৪২ একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই বিশাল বিমানবন্দর প্রকল্প, যা দুই ধাপে সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮৭ একর জায়গায় তৈরি হবে অত্যাধুনিক কার্গো হাব এবং ৪০ একর জায়গায় থাকবে বিমান মেরামত ও অন্যান্য পরিষেবা। বিশেষভাবে উল্লেখযোগ্য, এটি দেশের প্রথম বিমানবন্দর যেখানে নিজস্ব বিমান মেরামতের পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই বিমানবন্দর উত্তর ভারতের সঙ্গে বিশ্বের যোগাযোগকে আরও শক্তিশালী করবে। তাঁর বক্তব্য অনুযায়ী, খুব অল্প সময়ের ব্যবধানে একের পর এক ফ্লাইট পরিষেবা চালু হবে, যা যাত্রী ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই বড় সুবিধা এনে দেবে।
প্রধানমন্ত্রী আরও জানান, এই বিমানবন্দর পশ্চিম উত্তরপ্রদেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষ করে নয়ডা, মথুরা, মেরঠ, আগ্রা, এটাওয়া, বুলন্দশহর, আলিগড়, গাজিয়াবাদ এবং ফরিদাবাদ-এর মানুষের জন্য এটি নতুন সুযোগের দ্বার খুলে দেবে।
যুব সমাজ, কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও এই বিমানবন্দর নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরাসরি বিমান পরিষেবা চালু হবে এবং এটি ‘উন্নত উত্তরপ্রদেশ’-এর প্রতীক হয়ে উঠবে। একই সঙ্গে ‘বিকশিত উত্তরপ্রদেশ, বিকশিত ভারত’ উদ্যোগকে আরও শক্তিশালী করবে এই প্রকল্প।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top