রাজ্য- ভোটের মুখে রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর আবারও সরগরম। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে রাজনীতির পারদ চরমে। এরই মধ্যে শনিবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।
অভিযোগ, কলকাতা পুরসভা ও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ভবানীপুরের ২৩বি অরফ্যানগঞ্জ এলাকায় জোর করে নির্বাচনী ক্যাম্প অফিস তৈরি করছেন শুভেন্দু অধিকারী। এই অভিযোগে প্রমাণসহ কমিশনে নালিশ জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁর দাবি, ২০২৫ সালের ৮ অক্টোবরই ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা, কিন্তু দীর্ঘদিন পর সেই নির্দেশ অমান্য করেই আবার নির্মাণ শুরু হয়েছে।
তৃণমূলের অভিযোগ অনুযায়ী, দুই লরি ভর্তি বাঁশ ও অন্যান্য নির্মাণ সামগ্রী এনে জোর করে কাজ চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে আলিপুর থানা-য় অভিযোগও দায়ের করা হয়েছে। কমিশনকে দেওয়া চিঠিতে সুব্রত বক্সি জানিয়েছেন, আইন মেনে কাজ বন্ধ করতে গেলে পুলিশকে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি ঘটনাস্থলে গিয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণও করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, ভোট মিটে গেলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূলের। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে দলটির আবেদন, অবিলম্বে ওই নির্মাণকাজ বন্ধ করা হোক এবং নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, কোনও বেআইনি কাজ হয়নি এবং তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ তুলছে। ফলে ভোটের আগে ভবানীপুরে এই ইস্যু ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।



















