বিরোধ ভুলে সৌজন্য সাক্ষাৎ, মজিদ মাস্টারের বাড়িতে ভোট চাইতে তৃণমূল প্রার্থী

বিরোধ ভুলে সৌজন্য সাক্ষাৎ, মজিদ মাস্টারের বাড়িতে ভোট চাইতে তৃণমূল প্রার্থী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – একসময় যাঁকে ঘিরে রাজনৈতিক সংঘাত তুঙ্গে উঠেছিল, সেই মজিদ মাস্টারের বাড়িতেই এবার ফুল হাতে পৌঁছে ভোট চাইলেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী আবদুল মাতিন। সংঘাতের রাজনীতির মাঝেই এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে নতুন রাজনৈতিক বার্তার ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল।
উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার শাসন অঞ্চল, বারাসত ২ নম্বর ব্লকের এই ঘটনাকে ঘিরে চর্চা শুরু হয়েছে। একসময় সিপিএমের প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত মজিদ মাস্টারকে ঘিরে তৃণমূলের সঙ্গে তীব্র দ্বন্দ্ব ছিল। গ্রেপ্তার, জেলমুক্তি এবং বাড়িছাড়া থাকার অভিযোগ—সব মিলিয়ে দুই শিবিরের সম্পর্ক ছিল অত্যন্ত তিক্ত।
সেই প্রেক্ষাপটেই সোমবার সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যান আবদুল মাতিন। হাতে ফুল নিয়ে ভোটের আবেদন জানান তিনি। এরপর ঘরে বসে দীর্ঘ সময় আলাপচারিতাও হয় দু’জনের মধ্যে। রাজনীতির দুই মেরুর এই ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই বিষয়ে মজিদ মাস্টার বলেন, “এটাই সৌজন্যতা, ভদ্রতা ও মানবিকতা। ভোটের মুখে উনি আমার বাড়িতে এসেছেন, আমি ভারতীয় রীতি মেনে আপ্যায়ন করেছি। মানুষ হিসেবে আমরা সবাই ভাই ভাই।”
অন্যদিকে আবদুল মাতিন বলেন, “স্যার এই এলাকার একজন সম্মানিত মানুষ। তাঁর ছাত্ররা দেশে-বিদেশে প্রতিষ্ঠিত। রাজনীতিতে কুৎসা ও গালিগালাজ বাড়ছে, যা ঠিক নয়। মতাদর্শ আলাদা হলেও পারস্পরিক শ্রদ্ধা থাকা উচিত।”
ভোটের উত্তাপে এই ধরনের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top