রাজ্য – রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও। আবহাওয়াবিদদের মতে, মূলত বিকেল ও সন্ধ্যার দিকেই ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এর ফলে গত কয়েকদিনের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই রাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আগামী শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তবে সেই দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। যদিও শনিবার শহরে ঝড়ের আশঙ্কা তুলনামূলকভাবে কম বলেই জানানো হয়েছে।
বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও দুর্যোগ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির দাপট বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। পাশাপাশি ৮ ও ৯ মে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টিপাত চলবে।




















