রাজ্য – হাজারও চ্যালেঞ্জের মধ্যেও রক্তপাতহীন ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করে এবার বড় পুরস্কারের পথে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নতুন বিজেপি সরকার তাঁকে রাজ্যের মুখ্যসচিব পদে বসাতে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে প্রশাসনিক মহলে এই সম্ভাবনা নিয়েই জল্পনা তুঙ্গে।
প্রশাসনিক কেরিয়ারে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আইএএস মনোজ আগরওয়ালের। ১৯৯০ ব্যাচের এই আমলা বি.টেক ডিগ্রিধারী এবং ইংরেজি ও হিন্দি— দুই ভাষাতেই সমান দক্ষ। জেলাশাসক থেকে শুরু করে অতিরিক্ত মুখ্যসচিব ও প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। শুধু রাজ্যেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী আধিকারিক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত তিনি স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে দায়িত্ব পালন করেছেন।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব দেয়। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে নির্বাচন ঘোষণার পর ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়া অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিয়মিতভাবে জেলাশাসক, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশ দিয়েছেন।
নির্বাচনের সময় কোথাও কোনও সমস্যা তৈরি হলে তা দ্রুত নিজের তত্ত্বাবধানে সমাধান করেছেন মনোজ আগরওয়াল। বিশেষ করে রাজ্যে দু’দফার নির্বাচন যেভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, তা সাম্প্রতিক সময়ের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। ফলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কার্যত পূর্ণ নম্বর পেয়েছেন তিনি।
এই সফলতার পুরস্কার হিসেবেই এবার তাঁকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে বলে জল্পনা বাড়ছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন বিজেপি সরকারের আমলে মুখ্যসচিব পদে মনোজ আগরওয়ালের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।




















