৩০০-৪০০ কোটি টাকার মাটি কেলেঙ্কারির অভিযোগ! ফের বিতর্কে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

৩০০-৪০০ কোটি টাকার মাটি কেলেঙ্কারির অভিযোগ! ফের বিতর্কে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য -;ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এবার তাঁর বিরুদ্ধে উঠল কোটি কোটি টাকার মাটি কেটে বিক্রির গুরুতর অভিযোগ। অভিযোগ, বিষ্ণুপুরের সারদা গার্ডেন এলাকা থেকে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, এই গোটা কাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।
জানা গিয়েছে, সারদা চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর সুপ্রিম কোর্টের নির্দেশে বিষ্ণুপুরের সারদা গার্ডেনের সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, সেই বাজেয়াপ্ত সম্পত্তি থেকেই দীর্ঘদিন ধরে মাটি চুরি করে বিক্রি করা হত। বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিলীপ মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠরা প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার মাটি বিক্রি করেছেন। অভিযোগ আরও গুরুতর করে তিনি বলেন, এই মাটি বিক্রির টাকার একটি বড় অংশ দিলীপ মণ্ডলের হাত ঘুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছত।
বিজেপি নেতার বক্তব্য, আদালতের নির্দেশে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি থেকে এভাবে মাটি কেটে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এই ঘটনায় শুধু দিলীপ মণ্ডল নন, যাঁরা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, বিজেপি নেতা অভিজিৎ দাস ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাজনৈতিক মহলে এই অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
এর আগেও ভোটের ফল প্রকাশের পর সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কে জড়ান দিলীপ মণ্ডল। সেই ভিডিওতে তাঁকে বিরোধীদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামনে আসতেই তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। সেই মামলার তদন্তে গত ১৪ মে সকালে পৈলানে তাঁর প্রাসাদোপম বাড়িতে অভিযান চালায় পুলিশ ও র‍্যাফ।
তল্লাশিতে গিয়ে পুলিশ আধিকারিকরা বিধায়কের বিলাসবহুল জীবনযাপন দেখে বিস্মিত হন বলে সূত্রের খবর। বাড়ির ভিতরে একাধিক দামী গাড়ি, সুইমিং পুল, বিশেষ কাঠের আসবাবপত্র, দোলনা এমনকি একটি কৃত্রিম গুহাও রয়েছে বলে জানা যায়। ওই অভিযানের পর থেকেই বেপাত্তা হয়ে যান দিলীপ মণ্ডল। সম্প্রতি তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নিজেকে গ্রেপ্তারির আশঙ্কা থেকে রক্ষা করতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক। এই পরিস্থিতির মধ্যেই তাঁর বিরুদ্ধে নতুন করে মাটি কেলেঙ্কারির মামলা দায়ের হওয়ায় রাজনৈতিক চাপ আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top