রাজ্য – পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট আটটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযানের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সূত্রের খবর, তাঁর ভবানীপুর, কালীঘাট, জোকা এবং দক্ষিণেশ্বরের একাধিক ঠিকানায় পৌঁছেছেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।
শনিবার ভোর থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় অভিযান শুরু করে ইডি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ভবানীপুরের একটি ফ্ল্যাটে রয়েছেন বলে জানা গিয়েছে। সকাল ছ’টা নাগাদ সেখানে পৌঁছে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। ফ্ল্যাট চত্বর ঘিরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে।
শুধু মদন মিত্রের বাসভবনই নয়, একই সঙ্গে বেলেঘাটা, সন্তোষপুরের একটি ক্লাব এবং বেহালার একটি ঠিকানাতেও তল্লাশি চালিয়েছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, এই সমস্ত জায়গার সঙ্গে পুরনিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসূত্র থাকতে পারে। সেই কারণেই একাধিক স্থানে একযোগে অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২০ মার্চ অয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল তদন্তকারী সংস্থা। অভিযোগ, তাঁর সংস্থার মাধ্যমে রাজ্যের সাতটি পুরসভার নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হত এবং সেই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। অভিযুক্ত পুরসভাগুলির মধ্যে কামারহাটি পুরসভাও রয়েছে। অয়ন শীলের সংস্থার দায়িত্বে ছিল ওএমআর শিট ছাপানো, পরীক্ষার আয়োজন, ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা-সহ নিয়োগ সংক্রান্ত একাধিক কাজ। অভিযোগ, গ্রুপ-ডি কর্মী, টাইপিস্ট-সহ বিভিন্ন নিম্নপদে নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে।
তদন্তকারীদের মতে, কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েকদিন আগেই এই মামলায় কামারহাটি পুরসভার এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তদন্তের স্বার্থে অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্য ও নথির ভিত্তিতেই এখন বিধায়কের ভূমিকা যাচাই করার চেষ্টা চলছে বলে সূত্রের দাবি।




















