আগস্টেই বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল, বিশেষ কমিটি গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগস্টেই বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল, বিশেষ কমিটি গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনি জানান, আগামী আগস্ট মাসের বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিলের খসড়া তৈরির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে, যার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাই।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া অনুমোদনের জন্য তোলা হবে। এরপর চার সপ্তাহ ধরে প্রস্তুতির কাজ চলবে। সেই প্রক্রিয়া শেষ হলে আগস্টের শুরুতেই বিধানসভায় ইউসিসি বিল পেশ করা হবে। তাঁর দাবি, গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের পর পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই আইন আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

গঠিত কমিটিতে একজন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, একজন শিক্ষাবিদ, একজন সমাজকর্মী, একজন আইনজ্ঞ এবং প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন অতিরিক্ত সচিব পর্যায়ের এক সদস্য থাকবেন। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাঁদের মতামত সংগ্রহ করাই হবে কমিটির প্রধান দায়িত্ব। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন-সহ একাধিক দেওয়ানি বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।

বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও জানান, চার সপ্তাহ পর কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত বিল পেশ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে কারও মতামত বা পরামর্শ থাকলে তা কমিটির প্রধান বিচারপতি (অব.) রঞ্জনা প্রসাদ দেশাইয়ের কাছে জানানো যাবে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top