রাজ্য – রাজ্য বিধানসভায় গুন্ডাদমন বিল পাশ হয়েছে। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, এই আইনের কোনও অপব্যবহার করা হবে না। তাঁর দাবি, প্রিভেন্টিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক গ্রেপ্তার নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এই আইন শুধুমাত্র সমাজবিরোধী ও গুন্ডাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে অতীতে ঘটে যাওয়া হিংসার প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বহু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন। মুর্শিদাবাদ, বেলডাঙা, নিমতিতা, রেজিনগর, সাঁতরাগাছি-সহ একাধিক জায়গার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, রেললাইন উপড়ে ফেলা, দোকানে আগুন লাগানো, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং জাতীয় সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছিল।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, অতীতে প্রশাসনের যথাযথ পদক্ষেপের অভাবে সমাজবিরোধীরা সুযোগ পেয়েছিল। তিনি বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতেই এই গুন্ডাদমন বিল আনা হয়েছে। সরকারের লক্ষ্য আইনকে শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে দ্রুত ও কার্যকরভাবে প্রয়োগ করা।
ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, নিরীহ মানুষের উপর হামলা এবং সম্পত্তি নষ্টের ঘটনায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। তাঁর বার্তা, আইন হাতে তুলে নেওয়া বা গুন্ডামির কোনও ঘটনাই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।




















