রাজ্য: একটি চিনা অ্যাপের মাধ্যমে দূর থেকে ই-রিকশা বা টোটো নিয়ন্ত্রণ ও বন্ধ করে দেওয়ার অভিযোগ ঘিরে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, একটি নির্দিষ্ট স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে চলন্ত ই-রিকশার সঙ্গে সংযোগ স্থাপন করে মুহূর্তের মধ্যে সেটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। বিষয়টি সামনে আসতেই কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ করেছে।
জননিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে **BAT-BMS** নামে বিতর্কিত অ্যাপটি অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। একই ধরনের কার্যকলাপের অভিযোগ থাকা আরও একটি অ্যাপের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
শনিবার বিষয়টি নিয়ে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতরের সচিব এস. কৃষ্ণ জানান, গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট দুটি অ্যাপ সরকারের নজরদারিতে ছিল। প্রাথমিক তদন্তে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে আসার পরই অ্যাপগুলি প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন সংশ্লিষ্ট অ্যাপ স্টোর পরিচালনাকারী সংস্থাগুলির দায়িত্ব দ্রুত এই নির্দেশ কার্যকর করা। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বা জনস্বার্থের পরিপন্থী হতে পারে—এমন কোনও অ্যাপকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের ক্ষতিকর অ্যাপের বিরুদ্ধে কড়া নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।




















