১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের ফলপ্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশ, নিয়োগের ভবিষ্যৎ এখন আদালতের হাতে

১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের ফলপ্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশ, নিয়োগের ভবিষ্যৎ এখন আদালতের হাতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তৃণমূল জমানায় ঘোষিত ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের ফলপ্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই নোটিশে স্পষ্ট করে জানাতে হবে, হাইকোর্টে বিচারাধীন মামলার ভবিষ্যৎ সিদ্ধান্তের উপরই কনস্টেবল নিয়োগের পরবর্তী প্রক্রিয়া নির্ভর করবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ সেপ্টেম্বর। ২০২৪ সাল থেকেই ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত মামলা চলছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছিলেন। এরপর ২০২৫ সালের নভেম্বরে নিয়োগ পরীক্ষা হয় এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রার্থীদের ইন্টারভিউও সম্পন্ন হয়। কিন্তু শুরু থেকেই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ ওঠে। মামলাকারীদের তরফে আদালতে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলা হয়। তাঁদের অভিযোগ, সংরক্ষণ সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হয়নি। পাশাপাশি পরীক্ষার ফলাফল এবং মেধাতালিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আজ সেই মামলার শুনানিতে ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের ফলপ্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত। একইসঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে পাবলিক নোটিশ জারি করে প্রার্থীদের বিষয়টি জানাতে বলা হয়েছে। ফলে বহু প্রতীক্ষিত এই নিয়োগের ফল আপাতত প্রকাশ করা যাবে না। ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে আদালতের কী নির্দেশ আসে, তার উপরই এখন ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরবর্তী ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top