রাজ্য – শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও প্রথমবারের মতো ৬ জুলাই সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে রবিবার কলকাতায় একদিনের ঝটিকা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের শুরুতে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি নিউটাউনের ইকোপার্কে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার প্রস্তাবিত মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রাজ্য সরকারের উদ্যোগে ইকোপার্কে এই সুবিশাল ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মূর্তি স্থাপনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইকোপার্কে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনিক স্তরেও জোরকদমে চলছে আয়োজন। শনিবার রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার দপ্তরের আধিকারিক, হিডকো কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন।
নিউটাউনের ৪৮০ একর বিস্তৃত ইকোপার্ক ইতিমধ্যেই কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। বিশাল লেক, থিম গার্ডেন, সেভেন ওয়ান্ডার্স, সোলার ডোম, বিভিন্ন মনীষীর ভাস্কর্য এবং নানা বিনোদনমূলক আকর্ষণের পাশাপাশি এবার নতুন সংযোজন হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বিশাল মূর্তি। প্রশাসনের আশা, এটি ভবিষ্যতে ইকোপার্কের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
এই কর্মসূচি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী প্রতিটি বিজেপি কর্মীর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, শ্যামাপ্রসাদের জন্মভূমিতে তাঁর আদর্শে পরিচালিত সরকার রয়েছে এবং সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হবে।




















