২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন, একাধিক গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র

২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন, একাধিক গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, আগামী ২০ জুলাই থেকে শুরু হবে বাদল অধিবেশন এবং তা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অধিবেশন আহ্বানের অনুমতি দিয়েছেন। কেন্দ্রের আশা, এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ আইন ও নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা গিয়েছে, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ১৯টি বৈঠক অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার প্রস্তুতি নিয়েছে। তার মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে দুটি সম্ভাব্য সংবিধান সংশোধনী বিল। একটি গুরুতর অপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের পদে বহাল থাকার বিষয়ে প্রস্তাবিত সংশোধন, অন্যটি মহিলা সংরক্ষণ আইন এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল। আগের মতো এবারও এই দুটি বিল যৌথভাবে সংসদে উপস্থাপন করা হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত বছরের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি গুরুত্বপূর্ণ বিল লোকসভায় পেশ করেছিলেন। এর মধ্যে ছিল কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল, সংবিধান (১৩০তম সংশোধনী) বিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল। এই বিলগুলির মূল উদ্দেশ্য ছিল সংবিধান সংশোধনের মাধ্যমে গুরুতর অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধিদের সাংবিধানিক সুরক্ষা সীমিত করার প্রস্তাব আনা।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী গুরুতর অপরাধে গ্রেফতার হয়ে ৩০ দিনের বেশি কারাগারে থাকলে তাঁকে পদ থেকে অপসারণের বিধান রাখা হয়েছে। যদিও বিলটি তখনই পাস না করিয়ে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল বিস্তারিত পর্যালোচনার জন্য।

সূত্রের খবর, আগামী ১৭ জুলাই যৌথ সংসদীয় কমিটি এই বিলগুলির উপর তাদের রিপোর্ট সংসদে জমা দিতে পারে। এরপর বাদল অধিবেশনেই সংশোধনী বিলগুলি নিয়ে আলোচনা ও ভোটাভুটির সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top