কলকাতা – সোশাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার অভিযোগে কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, ডি সি নর্থ–৩ বিধান সাহা এবং ডি সি পোর্ট–২ পার্থ প্রতিম দাসকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
অভিযোগ, ডি সি পোর্ট–২ পার্থ প্রতিম দাস একটি বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। একই ধরনের অভিযোগ উঠেছে ডি সি নর্থ–৩ বিধান সাহার বিরুদ্ধেও। প্রাথমিক তদন্তের পরই তাঁদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এর আগে কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছিলেন। তিনি স্পষ্ট করে জানান, কোনও পুলিশ আধিকারিকের পোস্ট বা মন্তব্য থেকে যেন প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় বা সমাজে বিভ্রান্তিকর বার্তা না পৌঁছায়। সেই নির্দেশের পর থেকেই পুলিশ কর্তাদের সামাজিক মাধ্যমের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছিল।
উল্লেখ্য, গত মাসেও শ্যামপুকুর থানার এক এএসআই এবং এক কনস্টেবলকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়। সাম্প্রতিক এই ঘটনাকেও প্রশাসনের শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
রাজ্য সরকারের দাবি, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে প্রশাসন। সেই নীতির অংশ হিসেবেই দায়িত্বে গাফিলতি বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




















