রাজ্য – তৃণমূল কংগ্রেসের অন্দরে ঋতব্রত শিবির ও কালীঘাট শিবিরের রাজনৈতিক টানাপোড়েন এবার আরও স্পষ্টভাবে জেলা স্তরে পৌঁছে গেল। শুক্রবার তপসিয়ার একটি হোটেলে বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির রাজ্য কমিটির শীর্ষ পদে বিপ্লব মিত্রকে রাজ্য সভাপতি এবং জাভেদ খানকে কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করেছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার জেলা কমিটি ও একাধিক মুখপাত্রের নাম প্রকাশ করা হয়েছে।
নতুন ঘোষিত জেলা কমিটিতে একাধিক পরিচিত রাজনৈতিক মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম অনুব্রত মণ্ডল। তাঁকে বীরভূম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে শিবির সূত্রে জানা গিয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় নতুন দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করা হয়েছে।
শনিবারের সাংগঠনিক বৈঠকে একাধিক নতুন এবং অভিজ্ঞ নেতার উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈঠকে যোগ দেন পানিহাটির নেতা নির্মল ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কোহিনুর মজুমদার, আব্দুল খালেক মোল্লা, জ্যোৎস্না মান্ডি এবং শান্তনু সেন। এছাড়াও বৈঠকে অংশ নেন আসানসোলের প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় এবং প্রাক্তন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সাংগঠনিক রদবদল এবং জেলা কমিটি গঠনের মাধ্যমে ঋতব্রত শিবির নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার চেষ্টা করছে। রাজ্যজুড়ে সংগঠন বিস্তারের লক্ষ্যেই নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।



















